শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ি, আঙিনা এবং ড্রেন পরিষ্কার রাখতে হবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ি, আঙিনা এবং ড্রেন পরিষ্কার রাখতে হবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে বর্ষা মৌসুমের আগেই রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

আজ (শনিবার) সকাল ১০টায় পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ভূমিমন্ত্রী আরও বলেন, এডিস মশা সাধারণত ছাদে, ফুলের টবে কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয় ও বংশবিস্তার করে। তাই এসব জায়গায় পানি জমে থাকতে না দেওয়া ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ‘গ্রাম কিংবা শহর—সব জায়গাতেই মশা ও মশাবাহিত রোগ এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে।’

মিজানুর রহমান মিনু আরও বলেন, ছোট্ট এই প্রাণীর কামড়ে প্রতি বছর অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। অনেকের প্রাণহানিও ঘটছে।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, ‘ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি হতে না পারে, সে জন্যই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন রাজশাহী। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন— রাজশাহী  জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে।
সেই কর্মসূচির অংশ হিসেবে, রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।