বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধাকে বিকশিত করার জন্য ও নিজেকে প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি।

আজ সকাল ১০টায় রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আজকে যারা শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে, তাদের আমি অভিনন্দন জানাই।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের স্বনামধন্য, বরেণ্য প্রতিষ্ঠান মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনারা আরো সুন্দর করে গড়ে তুলবেন, যেন সারাবিশ্বে প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করতে পারে এবং রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে।

তিনি আরো বলেন, সারাবিশ্বে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করছে। মসজিদে নামাজে যারা তিলাওয়াত করে তারাও আমাদের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করে।

তিনি আরো বলেন, আমার দায়িত্ব হলো রাজশাহীর সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার উপরে থাকে, আমি সেই কাজ করব।

রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এটিই হবে প্রথম। এই প্রতিষ্ঠানে একটি ১১ তলা ভবন করারও প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় শিক্ষার্থীদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় ঔষধি এবং ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. ওসমান গনি এবং মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোকাদ্দাসুল ইসলাম বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।