রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বিচার, চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকলে অনেক স্বজন আবেগাপ্লুত হয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
শহীদদের স্বজনরা বলেন, আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দাবি জানান তারা। বক্তব্য দিতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন। পরে শহীদ পরিবারের পক্ষ থেকেও তাকে একটি স্মারক প্রদান করা হয়।
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে মন্ত্রী, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকদের আশা, জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার ও পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে।
