স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি ভবিষ্যতে দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সে সময় দলীয় সমন্বয় ও বিভিন্ন পর্যায়ের আলোচনার মাধ্যমে আন্দোলন সফল করা সম্ভব হয়েছিল। তিনি আগামীর বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য, ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দলটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘জুলাই চেতনা’কে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
