শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

রংপুরে ১০০ শয্যার শিশু হাসপাতাল চালুর অপেক্ষা, লক্ষ্য সেপ্টেম্বর

রংপুরে ১০০ শয্যার শিশু হাসপাতাল চালুর অপেক্ষা, লক্ষ্য সেপ্টেম্বর

রংপুরের বহুল প্রতীক্ষিত ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, আসবাবপত্র কেনা এবং জনবল নিয়োগের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় আগামী সেপ্টেম্বরের মধ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ লক্ষ্যে শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের অতিরিক্ত সচিব আরিফ আহমদ হাসপাতালটির আউটডোর ও ইনডোর ভবন, অক্সিজেন প্ল্যান্ট এবং প্রবেশপথ পরিদর্শন করেন। পরে তিনি রংপুরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব আরিফ আহমদ সাংবাদিকদের বলেন, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দ্রুতই এসব হাসপাতালের উদ্বোধন করবেন। এ লক্ষ্যে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। এ মাসের মধ্যেই হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

আরিফ আহমদ আরও বলেন, আসবাবপত্র সংগ্রহের কাজও এগিয়ে চলছে। একই সঙ্গে জনবল নিয়োগের বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এরপর তিনি রংপুর মা ও শিশু হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. ওয়াজেদ আলী, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ নভেম্বর রংপুরের সাবেক সদর হাসপাতালের ১ দশমিক ৭৮ একর জমিতে হাসপাতালটি নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ৩১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা হাসপাতাল ভবনটি ২০২০ সালের ৮ মার্চ জেলা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ভবনটি ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়।

হাসপাতালটিতে জরুরি বিভাগ, বহির্বিভাগ, চিকিৎসকদের চেম্বার, পরীক্ষাগার, অপারেশন থিয়েটার, বার্ন ইউনিট, ওয়ার্ড ও কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসকদের আবাসন, নার্স কোয়ার্টার, বিদ্যুৎ উপকেন্দ্র ও অক্সিজেন প্ল্যান্টও নির্মাণ করা হয়েছে।

হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগের শিশুদের জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা স্বল্প খরচে পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।