বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

পুষ্টিবিদ নিয়োগে ৬৪ জেলায় ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন

পুষ্টিবিদ নিয়োগে ৬৪ জেলায় ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন

দেশের ৬৪টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত পুষ্টিবিদের ৬৪টি পদ সংরক্ষণের অনুমোদন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ২৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করে। স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ এতে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে একটি করে মোট ৬৪টি পুষ্টিবিদের পদ সংরক্ষণ করা হবে।

আদেশ অনুযায়ী, পদগুলো ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত ভূতাপেক্ষভাবে এবং ২০২৬ সালের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরেও এসব পদ বহাল থাকবে।

পুষ্টিবিদের ৬৪টি পদই ৯ম গ্রেডের। জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী এসব পদের বেতনক্রম ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা নির্ধারিত রয়েছে।

সরকারি আদেশে বলা হয়, উল্লিখিত পদগুলোর ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে নির্বাহ করা হবে।

পদ সংরক্ষণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন-১০ শাখা এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখার সংশ্লিষ্ট স্মারকে আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সরকারি মঞ্জুরি জারি করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা অনুলিপিতে পদ সংরক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা বিভাগের সংশ্লিষ্ট শাখা, দেশের ৬৪ জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের সিস্টেম এনালিস্টকে পদ সংরক্ষণের সরকারি আদেশটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১০ আগস্ট ২০২৬ এবং অর্থ বিভাগ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট পদ সংরক্ষণে সম্মতি দেয়।

ওই দুই মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ ৬৪টি পুষ্টিবিদের পদ সংরক্ষণের এ আদেশ জারি করে।