সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

সীমান্তের ওপারে গুলি-মর্টার শেলের বিকট শব্দ

সীমান্তের ওপারে গুলি-মর্টার শেলের বিকট শব্দ

গুলি-মর্টার শেলের আওয়াজে ঘুম ভেঙেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের মানুষের। শুক্রবার (৮ মার্চ)  মধ্যরাত থেকে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রাতভর গোলাগুলি চলেছে। ফলে এ পাড়ের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও উনচিপ্রাং বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয়রা জানান, টানা কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে চলমান সহিংস ঘটনায় নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, হ্নীলা মৌলভিপাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া এলাকায় সীমান্তের ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া যায়। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারের মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামগুলোতে যুদ্ধ চলছে।

উনছিপ্রাং এলাকার বাসিন্দা দিলদার বলেন, শনিবার রাত ১২টার পর থেকে উনছিপ্রাং সীমান্তে ব্যাপক গোলাগুলি ও মর্টার শেলের শব্দ হয়। মিয়ানমারের অভ্যন্তরে হলেও মনে হচ্ছে এগুলো আমাদের ঘরে পড়ছে।

হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, টানা কয়েকদিন ধরে ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের কাছাকাছি বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বেশিরভাগ জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছে।  

এদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল বৃদ্ধি করেছে।