ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। দলের অন্যতম সদস্য সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দুজনই ভারতীয় দলের আইকন ক্রিকেটার। তারপরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সুযোগ পেতে হলে দলে পারফর্ম করতে হবে।
বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে তাদের দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে।
শুধু তাই নয়! বিশ্বকাপের আগে আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে কোহলি-রোহিতকে। তা হলে বিশ্বকাপের জন্য বিবেচিত হবেন তারা। এর ব্যতিক্রম হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়ে যেতে পারেন এই দুই তারকা ক্রিকেটার।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সাবেক একজন জাতীয় নির্বাচক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যদি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া সেরা পাঁচে থাকে তা হলে আপনার বাঁহাতি কোথায়? ধরে নেওয়া যাক আপনি কোহলিকে বাদ দেবেন এবং রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালকে ওপেন করাবেন। তা হলে শুভমান গিল নামবেন তিন নম্বরে। কিন্তু প্রধান নির্বাচক অজিত আগাকার কি কোহলিকে বাদ দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিতে পারবে?’
