শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

পবিত্র রমজান উপলক্ষে ৯৭ হাজার পরিবার পাচ্ছে টিসিবি’র পণ্য ঝিনাইদহে

পবিত্র রমজান উপলক্ষে ৯৭ হাজার পরিবার পাচ্ছে টিসিবি’র পণ্য ঝিনাইদহে

পবিত্র রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে কমমূল্যে নিত্যপণ্য পাচ্ছেন জেলার ৯৭ হাজার ৫০৫টি পরিবার। এর মধ্যে ৯৫ হাজার ৫০৫টি পরিবার স্মার্টকার্ডের মাধ্যমে এ সুবিধা পাচ্ছেন। এ ছাড়া জেলা শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্পটে ভ্রাম্যমাণ ট্রাকে জরুরি নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে জেলা শহরে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল বিক্রি করছে টিসিবি কর্তৃপক্ষ। কম মূল্যে এসব পণ্য নেওয়ার জন্য নারী-পুরুষের দীর্ঘ লাইন। শহরের আদালত চত্বরের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশেই ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু হয় সকাল ১০টায়। একই সময় শহরের আরাপপুর, হামদহ, ওয়াজির আলী হাইস্কুল ময়দানসহ ৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়।

ঝিনাইদহ টিসিবি ক্যাম্প অফিসের সহকারী পরিচালক আকরাম হোসেন জানান, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন ২ হাজার পরিবারের মাঝে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়া টিসিবির নির্ধারিত স্মার্ট কার্ডের মাধ্যমে জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯৫ হাজার ৫০৫টি পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করছে টিসিবি কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ ট্রাকে দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা দেয়া হচ্ছে। দাম মাত্র ৪৫০ টাকা। তবে টিসিবির কার্ডধারীরা অতিরিক্ত হিসেবে কেবল দুই কেজি ছোলা পাচ্ছেন।

টিসিবির পণ্য কিনতে আসা শরিফা খাতুন বাসসকে বলেন, রমজান মাসে টিসিবির পণ্যগুলো পেয়ে আমাদের অনেক উপকার হয়। আমরা চাই, এই সুবিধা যেন গরিব মানুষ পায়।

টিসিবি ক্যাম্প অফিসের সহকারী পরিচালক আকরাম হোসেন বাসস’কে বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও রাজনৈতিক প্রভাব দেখিয়ে কার্ড ছাড়াই পণ্য ছিনিয়ে নেয়া ও কার্ড আটকে রাখার ঘটনা ঘটেছে। আমরা এরকম বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বাসস’কে বলেন, সরকার দেশের প্রান্তিক মানুষের কাছে টিসিবির এই পণ্যগুলো পৌঁছে দেয়ার চেষ্টা করছে। আমরা সবাই মিলে সেটি বাস্তবায়ন করতে চাই। জেলাব্যাপী টিসিবির পণ্য বিতরণের লক্ষ্যে প্রত্যেকটি জায়গায় কমিটি গঠন করে দিয়েছি। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পেলে আমরা সাথে সাথে সেখানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। এই উদ্যোগটি সফল করতে আমরা সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করি।