নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার ডান হাত ও বাম পা ভেঙে দেওয়া হয় এবং ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন। পরিবারের অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ায় বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে তাকে ডেকে নেন। পরে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
